১৪ জুলাই, ২০১৯ ২০:০০
সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আ ফ ম কামালের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে মানিক পীর কবরস্থানে তাকে দাফন করা হয়। এরআগে দুপুরে শেষবারের মতো নিজের পুরনো কর্মস্থলে নগর ভবনে আনা হয় আ. ফ. ম কামালের মরদেহ। নগর ভবনে শেষশ্রদ্ধা জানানো হয় তাকে।
পরে শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় রাজনীতিবিদ, সমাজকর্মী, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সিলেটের সর্বস্থরের মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আ ফ ম কামালের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমুখ।
এসময় বক্তারা কামালকে একজন সফল রাজনীতিবিদ হিসাবে আখ্যায়িত করে বলেন, তিনি সিলেট পৌরসভার একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সিলেট মহানগরের অনেক উন্নয়নের নায়ক তিনি। রাজনীতিবিদ হিসাবে তিনি অনেকের জন্য ছিলেন অনুকরণীয়। বক্তারা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজা শেষে কামালের লাশ নিয়ে যাওয়া হয় হযরত শাহজালাল (র.) এর মাজার প্রাঙ্গণে। সেখানে তাকে দাফন করা হয়েছে।
আপনার মন্তব্য