গোয়াইনঘাট প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৫২

গোয়াইনঘাটে পুলিশের সাথে পূজা পরিষদের মতবিনিময়

সিলেটের গোয়াইনঘাটে ৩৯টি মণ্ডপে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গোৎসব পালনের প্রস্তুতির অংশ হিসেবে মণ্ডপগুলোর দায়িত্বশীল এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা নেতৃবৃন্দসহ থানা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে থানা কম্পাউন্ডে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদের সভাপতিত্বে এবং অফিসার (তদন্ত) হিল্লোল রায়ের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন- সিলেট জেলা পূজা উদযাপন পরিষদ নেতা বাবু সুভাস চন্দ্র পাল ছানা, পূজা উদযাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা পরিষদের আহবায়ক নিত্যানন্দ দাস নিতাই, সদস্য সচিব  সোলাল দে, যুগ্ম আহবায়ক রণজিৎ চন্দ্র চন্দ সন্তোষ, অনুপ কান্তি দে ভুলন, দিলীপ ধর, বিধান চন্দ, ইউপি সদস্য সয়েন ব্যানার্জী প্রমুখ।

সভাপতির বক্তব্যে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত গোয়াইনঘাট থানা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে পালনের জন্য গোয়াইনঘাট থানা পুলিশ সকল প্রস্তুতি গ্রহণ করেছে। মণ্ডপগুলোর নিরাপত্তা রক্ষার্থে পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয়েছে। ৩৯টি মন্দিরে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূণ্যার্থীদের পূজা অর্চনাসহ ধর্মীয় ভাবগাম্বীর্যতা পালন, শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনসহ দূর্গোৎসব সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত পুলিশের তরফে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলেও আশাবাদ জানান ওসি।

আপনার মন্তব্য

আলোচিত