২৪ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৪৩
সিলেটের রেজিস্টারি মাঠে বিভাগীয় সমাবেশের জন্য ফের মঞ্চ তৈরি করছে বিএনপি।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকেই এ মঞ্চ তৈরির কাজ শুরু হয়।
সমাবেশে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিলেট বিএনপি।
এর আগে সোমবার সকালে সমাবেশের জন্য ৫০ ফুটের জন্য মঞ্চ তৈরির কাজ শুরু করা হলেও বিকেলে পুলিশের আপত্তিতে তা ১০ ফুটে নামিয়ে আনা হয়।
এর পর রাতেই পুলিশের পক্ষ থেকে 'মঞ্চ খুলে' নেওয়ার অভিযোগ করেন বিএনপির নেতারা।
বিএনপি দাবি করেছিল, পুলিশ অন্যায়ভাবে সমাবেশের মঞ্চ-ব্যানার খুলে নিয়েছে।
তবে পুলিশের দাবি ছিল, খোলা মাঠে সমাবেশ করতে অনুমতির প্রযোজন হলেও বিএনপি কোনো অনুমতি নেয়নি। তাই রেজিস্টারি মাঠ থেকে তাদের মঞ্চসহ সমাবেশের সব সরঞ্জাম সরিয়ে নিতে বলা হয়েছে।
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ বেলা ২টা থেকে এ সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।
সিলেটে বিএনপির মহাসমাবেশকে ঘিরে সিলেটে ফের উত্তপ্ত হয়ে ওঠেছে রাজনৈতিক মাঠ। দুর্নীতির মামলায় কারান্তরীন দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ (মঙ্গলবার) সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে বিভাগীয় মহাসমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল-বিএনপি।
মহাসমাবেশের ঠিক পূর্ব মূর্হর্তে গত রোববার রাতে সিলেট জেলার কয়েকটি উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির অন্তত ২০ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পুলিশের হঠাৎ এই তৎপরতায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় গ্রেপ্তার আতঙ্ক। এতে রাজনীতিতে ফিরে আসে উত্তাপও।
বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ যথাসময়ে যথাস্থানে হবে।
আপনার মন্তব্য