ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর, ২০১৯ ২০:০৫

ফেঞ্চুগঞ্জে এবার ৩৯টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন

চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ফলে এখন ফেঞ্চুগঞ্জ উপজেলার মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর প্রতিমা শিল্পীরা ব্যস্ত মূর্তি তৈরির কাজে।

এবার উপজেলার ৩৯টি মণ্ডপে দুর্গা পূজার আয়োজন করা হয়েছে। এরমধ্যে সার্বজনীন ৩৭ টি ও পারিবারিক ভাবে ২টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।

উপজেলার মণ্ডপগুলো ঘুরে দেখা যায়, চলছে প্রতিমা তৈরির কাজ। মণ্ডপের সাজসজ্জায় বিরামহীন পরিশ্রম করছেন আয়োজকরা।

দম ফেলবার ফুরসৎ নেই প্রতিমা শিল্পীদেরও। উপজেলার বেশ কয়েকটি এলাকায় প্রতিমা তৈরি করেন বেশ ক'জন শিল্পী। এসব এলাকায় গিয়ে দেখা যায়, প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা। ছোট বড় নানা আকারের প্রতিমা তৈরি হচ্ছে সেখানে। একদিকে চলছে প্রতিমায় মাটির প্রলেপ দেয়ার কাজ অপর দিকে শিল্পীর তুলির আচরে রঙ্গিন হয়ে উঠছে প্রতিমাগুলো।

উপজেলার মউরাপুর বাগানের মৃৎশিল্পী মোহন আচার্য বলেন, আয়োজকদের বাজেট অনুযায়ী প্রতিমা তৈরি করে থাকি আমরা। প্রতিমার মধ্যে আছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর, মহিষ, সিংহের মৃন্ময় মূর্তি।

ফেঞ্চুগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিজন দেবনাথ বলেন, এবার উপজেলায় ৩৯ টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এখন মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

পূজা কমিটির নেতারা আরও জানান, আগামী ৪ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসবের সূচনা হবে। দেবীদুর্গা এ বছর ঘোড়ায় চড়ে আসবেন, যাবেনও ঘোড়ায় চড়ে। ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা চলবে।

আপনার মন্তব্য

আলোচিত