২৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:১৪
ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে আগামী অক্টোবরে ঢাকা আসছেন বলে একটি ক্রীড়া প্রতিষ্ঠানের বরাতে যে খবর গণমাধ্যমে এসেছে, তা সরাসরি নাকচ করেছেন এই ফুটবলারের একজন প্রতিনিধি।
পেলের ম্যানেজার জো ফ্রাগা বলেছেন, অক্টোবরে পেলে কলকাতা ও দুবাই সফরে যাচ্ছেন, বাংলাদেশ সফরের কোনো কর্মসূচি নেই।
‘চলো খেলি’ নামে একটি ক্রীড়া প্রতিষ্ঠান অক্টোবরে স্বাধীন বাংলা ফুটবল দলকে সংবর্ধনা দেবে। ওই অনুষ্ঠানে যোগ দিতে পেলে ঢাকায় আসছেন বলে দাবি করছে সংগঠনটি।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে নিউ ইয়র্কে অবস্থানরত জো ফ্রাগা একটি অনলাইনকে বলেন, আগামী মাসে পেলে কলকাতা ও দুবাইয়ে যাচ্ছেন। বাংলাদেশ থেকে আসা একটি আমন্ত্রণ প্রত্যাখ্যান করা হয়েছে।
বাংলাদেশে যাওয়ার খবর ইতোমধ্যে প্রকাশ হওয়ায় কোনো বিবৃতি দেবেন কি না- জানতে চাইলে তিনি বলেন, পেলেকে নিয়ে এই ধরনের উড়ো খবর বিশ্বজুড়েই আসে, তারা সেগুলো আমলে নেন না।
ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের ইন্টেলেকচুয়াল প্রপার্টির হোল্ডিং কোম্পানি ‘স্পোর্ট টেন আইপি’র প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন ফ্রাগা। কানাডা প্রবাসী বাংলাদেশি সাইফুল আমিন ভূইয়া হলেন এর বাংলাদেশ এজেন্ট এবং ‘পেলে আর্থ কাপ’ এর বিশেষ প্রতিনিধি।
সাইফুল আমিন বলেন, “অক্টোবরে পেলের বাংলাদেশে যাওয়ার খবরের বিষয়ে আমি কিছুই জানি না। এই খবরটি ভুয়া।”
আগামী মাসে পেলের সঙ্গে কলকাতা যাচ্ছেন বলে জানান আমিন।
তিনি বলেন, পেলে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো একটি ভিডিও বার্তায় বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। তবে সফরের কোনো বিষয় চূড়ান্ত হয়নি।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মানুষকে ঐক্যবদ্ধ করতে ‘আর্থ কাপ’ টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশে চেয়ে একটি ভিডিও বার্তা গত জুলাই মাসে পাঠান পেলে।
খবর: বিডিনিউজ২৪
আপনার মন্তব্য