নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:১৬

ডেঙ্গুতে সিলেটে প্রথম প্রাণহানি

সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়ে শাহানুর মিয়া (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে মারা যায় শাহানুর। দেশজুড়ে ছড়িয়ে পড়া মশাবাহিত রোগ ডেঙ্গু যখন অনেকটাই ‘নিয়ন্ত্রণে’ তখন এই রোগে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো সিলেটে একজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে সিলেটে সহস্ত্রাধিাক রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। তবে সিলেটে এই প্রথম এ ভাইরাসে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হলো।

শাহানুর সুনামগঞ্জের দিরাই পৌর সদরের সুজানগর গ্রামের মুতালিব মিয়ার ছেলে ও পৌর সদরের হাজী মাহমদ মিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র।

তবে শাহানুর কোথায় মারা গেছেন এ নিয়ে অস্পষ্টতা দেখা দিয়েছে। তার পরিবারের দাবি, নগরীর ওইমেন্স হাসপাতালে মারা যান শাহানুর। ওইমেন্স হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আশঙ্কাজনক অবস্থায় শাহানুরকে হাসপাতাল থেকে নিয়ে যায় পরিবার। আর সিভিল সার্জন বলছেন, ঢাকায় নিয়ে যাওয়ার পথে শাহানুর মারা যায় বলে তিনি শুনেছেন।

শাহানুরের পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ঢাকায় বোনের বাসায় বেড়াতে যায় শাহানুর। সেখানেই সে ডেঙ্গু আক্রান্ত হয়। ঢাকায় চিকিৎসা নেওয়ার পর সে বাড়িতে ফিরে আসে। হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে সিলেট নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক ফেরদৌস হাসান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ডেঙ্গু আক্রান্ত এক রোগীকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। তার শারিরীক অবস্থা খুবই নাজুক অবস্থায় ছিলো। এছাড়া আর্থিক অবস্থাও ভালো ছিলো না। এজন্য আমরা তাকে ডিসকাউন্টও দেই। তবে রাতেই রোগীর পরিবার তাকে হাসপাতাল থেকে নিয়ে যায়।

তিনি বলেন, আজকে (শনিবার) দুপুরে আমি স্বাস্থ্য অধিপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে তার মৃত্যুর খবর জানতে পারি।

সিলেটের সিভিল সার্জন হিমাংশু লাল রায় সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এব্যাপারে আমি এখনো নিশ্চিতভাবে কিছু জানি না। শুনেছি একজন ডেঙ্গু রোগীকে গতকাল (শুক্রবার) সিলেট উইমেন্স মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে পরিবারের সদস্যরা তাকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যেই তার মৃত্যু হয়।

তবে শাহানুরের চাচা মনিরুল ইসলাম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিলেট ওইমেন্স হাসপাতালে থাকতেই মারা যান শাহিনুর। তার মৃত্যুর পরও হাসপাতালের চিকিৎসকরা তাকে আইসিইউতে নিতে চাইলে আমরা আপত্তি জানিয়ে লাশ নিয়ে বাড়ি চলে আসি।

আপনার মন্তব্য

আলোচিত