৩০ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:১৩
তারা প্রতিনিয়ত পরিষ্কার করেন শহরের নোংরা আবর্জনা। শহরের সকল আবর্জনা পরিষ্কারের দায়িত্ব যাদের তাদের জীবনেও পূজো আসে, কিন্তু আসে না সেই আনন্দ বা উৎসব৷ দুর্গাপূজার মত বড় ধর্মীয় উৎসবেও পরিচ্ছন্নতাকর্মী হরিজন সম্প্রদায়ের মানুষগুলোর মনে নেই আনন্দ৷ আর্থিক অনটনে আর টানাটানির সংসারে নিজেরা তো পুজোয় নতুন কাপড় কিনতে পারেন না তাদের সন্তানরাও ঠিকমত পুজোতে নতুন কাপড় পরে উৎসবে শামিল হতে পারে না৷ তাই হরিজন সম্প্রদায়ের শিশুদের মধ্যে পূজো উপলক্ষ্যে নতুন কাপড় বিতরণ করেছে শ্রীমঙ্গলের সমাজসেবী সংগঠন উদ্দীপ্ত তারুণ্য৷
নতুন পােশাকে কোমল প্রাণ, হাসবে শিশু গাইবে গান এই স্লোগানকে প্রতিপাদ্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দূর্গা পূজো উপলক্ষে অনগ্রসর হরিজন সম্প্রদায়ের প্রায় পঞ্চাশ জন শিশুদের হাতে নতুন পােশাক তুলে দিয়েছে উদ্দীপ্ত তারুণ্য নামে সংগঠনটি।
সোমবার দুপুরে শ্রীমঙ্গল শহরের কলেজ সড়ক এলাকার হরিজন পাড়ায় শিশুদের মাঝে নতুন
পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডা. নাজেম আল কোরেশী, ফিনলে চা কোম্পানীর চিকিৎসক ডা. পুষ্পিতা খাস্তগীর, মহিলা ভাগবত সংঘের সভাপতি ষষ্ঠী রাণী দাশ, মানবাধিকার কর্মী ও সাংবাদিক এসকে দাশ সুমন, সাংবাদিক শফিকুল ইসলাম, উদ্দীপ্ত তারুণ্যের এভমিন মিথিলা পাল।
উদ্দীপ্ত তারুণ্যের সদস্য মিথিলা পাল জানান, পূজোর উৎসব মূলত বাচ্চাদের ঘিরেই হয়ে থাকে তাই আমরা সমাজের অনগ্রসর অংশের শিশুদের নিয়ে প্রতিটি বড় উৎসবেই এরকম আয়োজন করে থাকি৷ আমরা সাম্যে বিশ্বাসী, আমরা চাই শহরের অন্য একটি ছেলে যেভাবে নতুন কাপড় পরে উৎসবে অংশ নেয় ঠিক সেভাবেই সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর বাচ্চারাও যেন নতুন কাপড়ে পরেই উৎসবে অংশ নেয়৷ আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে৷
আপনার মন্তব্য