নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০১৯ ১৫:২৫

সিলেটে প্রবীণদের জন্য আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ দর্শক

আজ ১ অক্টোবর। আন্তর্জাতিক প্রবীণ দিবস। ‘বয়সের সমতার পথে যাত্রা’ এই প্রতিপাদ্যের আলোকে সারাদেশের ন্যায় সিলেটেও দিবসটি উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনের অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি সিলেট আয়োজন করে ‘প্রবীণদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান’। অনুষ্ঠানে উপস্থাপিত সকল পরিবেশনাই প্রবীণ ও উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১২টায় নগরীর জেলা পরিষদ মিলনায়তনে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সংগীত, দলীয় নৃত্য, একক সংগীত, ৭ই মার্চের ভাষণ ও একক আবৃত্তি পরিবেশিত হয়।

একাডেমির প্রশিক্ষক পূর্ণিমা দত্ত রায়ের পরিচালনায় সংগীত বিভাগের শিক্ষার্থীরা পরিবেশন করে ‘সুরমা নদীর তীরে আমার ঠিকানারে’ ও ‘বাউলা কে বানাইলরে’ এই দুটি সমবেত সংগীত।

বিপুল শর্মার পরিচালনায় ও ছন্দ নৃত্যালয়ের পরিবেশনায় উপস্থাপিত হয় ‘আমার মনের কোনের বাইরে’ ও ‘সোহাগ চাঁদ বদনী’ এই দুটি দলীয় নৃত্য।

‘এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার’ ও ‘মন মজালে ওরে বাউলা গান’ গান দুটি পরিবেশন করেন যথাক্রমে ঈশিতা দাস ও পল্লবী দাস মৌ। ঐন্দ্রিলা নাথ ঐশী ৭ই মার্চের ভাষণের অংশবিশেষ ও নাফিসা তানজীন কবি দিলওয়ারের ‘শ্রদ্ধেয় পিতা ক্ষমা করবেন’ কবিতাটি আবৃত্তি করেন।

সমাজের অবিচ্ছেদ্য অংশ প্রবীণদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মূলত জেলা শিল্পকলা একাডেমির এই সাংস্কৃতিক আয়োজন।

আপনার মন্তব্য

আলোচিত