০৪ অক্টোবর, ২০১৯ ০১:৩৫
সিলেট জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে সিলেটের ৭টি উপজেলায় সম্মেলনের মাধ্যমে হবে কমিটি। বাকি ৬টি উপজেলায় থাকা আংশিক কমিটি পূর্ণাঙ্গ হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সভায় গত বুধবার অনুষ্ঠিত বর্ধিত সভার পর্যালোচনা করা হয়।
সিলেট জেলা পরিষদের হলরুমে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভায় সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী, আশফাক আহমদ, মাসুক উদ্দিন, শাহ ফরিদ উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক সুজাত আলী রফিক, নাসির উদ্দিন খান বক্তব্য রাখেন।
সভা শেষে সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জগলু চৌধুরী জানান, কার্যনির্বাহী কমিটির সভায় আগামী ৫ ডিসেম্বর জেলার সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের সাথে কথা বলে বিষয়টি চূড়ান্ত করা হবে।
তিনি জানান, জেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে নভেম্বরের মধ্যেই সিলেটে ৭টি উপজেলায় সম্মেলন করে কমিটি গঠন করা হবে। বাকি ৬টি উপজেলায় আংশিক কমিটি আছে। সেগুলো নভেম্বরের মধ্যে কেন্দ্রের সাথে আলাপ করে পূর্ণাঙ্গ করা হবে।
আগামী ৩১ অক্টোবর বালাগঞ্জ উপজেলা, ১ নভেম্বর সিলেট সদর উপজেলা, ৫ নভেম্বর কোম্পানীগঞ্জ, ৭ নভেম্বর বিয়ানীবাজার, ৯ নভেম্বর দক্ষিণ সুরমা, ১০ নভেম্বর কানাইঘাট ও ১৪ নভেম্বর গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
আপনার মন্তব্য