১৯ জানুয়ারি, ২০২০ ১৬:০৬
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে সদস্যদের নিয়ে জাঁকজমকপূর্ণভাবে ‘মিলনমেলা’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) এয়ারপোর্ট রোডস্থ এডভেঞ্চার ওয়ার্ল্ডে উক্ত মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে ব্যবসায়ীদের একতাবদ্ধ থাকা একান্ত প্রয়োজন। সিলেট চেম্বার কর্তৃক আয়োজিত ব্যবসায়ীদের এই মিলনমেলার মাধ্যমে সিলেটের ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে উঠবে। যা আগামী দিনে সিলেটের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করবে।
তিনি জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠান আয়োজনের জন্য চেম্বার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার ব্যবসায়ীদের প্রতি অত্যন্ত আন্তরিক। ব্যবসায়ীদের যেকোনো দাবী-দাওয়াকে এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। তিনি সিলেটের ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সমাধানে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী মিলনমেলার ভেন্যুতে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করেন।
সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, সিলেট চেম্বারের সকল সদস্যদের মধ্যে মেলবন্ধন সৃষ্টি করতে আমরা ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ গ্রহণ করেছি। এর মাধ্যমে সদস্যদের মধ্যে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে বলে আমাদের বিশ্বাস। তিনি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটিকে সফল করে তোলার জন্য সিলেট চেম্বারের সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, সিলেট চেম্বার ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সম্প্রতি সিলেট চেম্বারে ব্যবসায়ীদের জন্য ভ্যাট, ট্যাক্স হেল্প ডেস্ক ও প্রবাসীদের জন্য মাইগ্র্যান্ট হেল্প ডেস্ক স্থাপিত হয়েছে। তিনি এসব হেল্প ডেস্ক থেকে পরামর্শ ও সেবা গ্রহণের জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। তিনি সিলেট চেম্বারের সুবিস্তৃত কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য বড় পরিসরে চেম্বার ভবন নির্মাণের লক্ষ্যে উপযুক্ত একখণ্ড জমি চেম্বারকে বরাদ্দ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। তিনি অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার জন্য স্পন্সর প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট চেম্বারের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, ব্যবসা-বাণিজ্যের বিকাশে চেম্বারের কর্মপরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বড় পরিসরে চেম্বার ভবন নির্মাণের লক্ষ্যে জমি বরাদ্দের ব্যাপারে তিনি সিলেট চেম্বারকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট চেম্বারের সাবেক প্রশাসক আসাদ উদ্দিন আহমদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, সহসভাপতি ও মিলনমেলা আয়োজক কমিটি আহবায়ক তাহমিন আহমদ, রেজিস্ট্রেশন কমিটির আহবায়ক মো. সাহিদুর রহমান, সিএনজি পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, ওমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়।
অনুষ্ঠানে সিলেট চেম্বারের সদস্যদের জন্য র্যাফেল ড্র, কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যাফেল ড্র-তে বিজয়ীদের জন্য মোটর সাইকেল, ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকেট, এলইডি টিভি, ল্যাপটপ, ইত্যাদি পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশারেট সিলেটের কমিশনার গোলাম মো. মুনীর, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট চেম্বারের পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, মো. এমদাদ হোসেন, পিন্টু চক্রবর্তী, মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, মো. আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমদ, মো. আতিক হোসেন, মো. নজরুল ইসলাম, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজীব, খন্দকার ইসরার আহমদ রকী, ফখর উস সালেহীন নাহিয়ান, সাবেক সভাপতি ফারুক আহমদ মিছবাহ, সাবেক সহসভাপতি হাজী মো. দিলওয়ার হোসেন, জুবায়ের আহমদ চৌধুরী, সাবেক পরিচালক এনামুল কুদ্দুছ চৌধুরী, সিলেট চেম্বারের প্রাক্তন নেতৃবৃন্দ, বিভিন্ন মার্কেট ও এসোসিয়েশনের নেতৃবৃন্দ, সরকারী-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ও চেম্বারের সদস্যবৃন্দ।
আপনার মন্তব্য