সিলেটটুডে ডেস্ক

০১ জুন, ২০২৬ ১০:২৬

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দীন মারা গেছেন

বাস অপারেটর কোম্পানি হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান মো. কফিল উদ্দীন মারা গেছেন।

রোববার সন্ধ্যায় ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান তার ভাই মো. হানিফ।

বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে কফিল উদ্দীনের বাবা জয়নাল আবেদীন পরিবহন ব্যবসায় যুক্ত হন। সেই সময়ে ছোট ছেলে মো. হানিফের নামে হানিফ এন্টারপ্রাইজের প্রতিষ্ঠা করেন তিনি।

বিএনপির রাজনীতিতে যুক্ত কফিল উদ্দীন তিনবার সাভারের আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের সাবেক সভাপতি কফিল উদ্দিন দীর্ঘদিন নানা অসুখে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি মাসখানেক আগে ভারত যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার ভাই মো. হানিফ একুশে অগাস্টের গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি। তিনি দীর্ঘ ১৫ বছর বিদেশে অবস্থান করে ৫ অগাস্ট পটপরিবর্তনের পর দেশে ফেরেন। পরে মামলা থেকে খালাস পান তিনি। দেশের বাইরে অবস্থানকালে তার মা এবং বাবা মারা যান।

কফিল উদ্দিনের মৃত্যুর বিষয়ে মো. হানিফ বলেন, “বড়ভাই দীর্ঘদিন ধরে দেশের বাইরে চিকিৎসাধীন ছিলেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

পরিবারের সঙ্গে আলাপ করে লাশ দেশে আনা হবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত