সিলেটটুডে ডেস্ক

২৫ নভেম্বর, ২০২৬ ১৭:৪৯

‘বিএনপির জেলা’ বগুড়ায় পুড়ল দলীয় কার্যালয়, নেতারা দায়ী করছেন আওয়ামী লীগকে

প্রতীকী ছবি

‘বিএনপির জেলা’ হিসেবে পরিচিত বগুড়ায় বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছ। এ ঘটনায় সরকারি দলের স্থানীয় নেতারা কার্যক্রম নিষিদ্ধ ‘আওয়ামী লীগের সন্ত্রাসীদের’ দায়ী করেছেন।

মঙ্গলবার মধ্যরাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তরা এই অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছে পুলিশ। আগুনে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি ফেস্টুন ও ব্যানার পুড়ে গেছে।

পুলিশ ও দলীয় নেতাকর্মরা জানান, দুই-তিনজন অজ্ঞাত যুবক বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আগুন দেয়। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি দলীয় ফেস্টুন ও ব্যানার পুড়ে যায়। খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে নন্দীগ্রাম থানা পুলিশ।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, ‘সারাদেশে আওয়ামী লীগ আগুন সন্ত্রাস শুরু করেছে। গত রাতে নন্দীগ্রামে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই।’

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

আপনার মন্তব্য

আলোচিত