সিলেটটুডে ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৬ ২৩:১৮

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রাশিদুল হাসান রাজন

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রাশিদুল হাসান রাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে পাবনার সাঁথিয়া পৌর সদরের ইতালি মার্কেটে অবস্থিত তার ব্যক্তিগত চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রতি শুক্রবার ঢাকা থেকে সাঁথিয়ায় এসে রোগী দেখতেন। রাশিদুল হাসান সাঁথিয়া উপজেলার শরিষা গ্রামের বাসিন্দা। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাশিদুল হাসানকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তারের পর রাতেই পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠায় পুলিশ। শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানা যায়, চিকিৎসক রাশিদুল হাসান দীর্ঘদিন ধরে ফেসবুকে সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে সাঁথিয়া পৌর সদরের ইতালি মার্কেটে অভিযান চালায় পুলিশ। এ সময় রোগী দেখা অবস্থায় চেম্বার থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘রাশিদুল হাসান একজন সরকারি চাকরিজীবী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী চিকিৎসক হিসেবে পরিচিত। তিনি নিয়মিত ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দিতেন। সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে এ ধরনের প্রচার চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর সাঁথিয়া থানায় দায়ের হওয়া একটি সন্ত্রাসবিরোধী মামলায় ওই চিকিৎসককে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর রাতেই তাকে জেলা ডিবি কার্যালয়ে পাঠানো হয়। আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাকে।’

আপনার মন্তব্য

আলোচিত