সিলেটটুডে ডেস্ক

২৬ এপ্রিল, ২০১৭ ১২:২৭

চাঁপাইনবাবগঞ্জে ‘জঙ্গি আস্তানা’ ঘেরাও, পুলিশকে লক্ষ্য করে গুলি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের ত্রিমোহী চাতরা বাজার এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।

বুধবার (২৬ এপ্রিল) ভোর থেকে বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাড়িটির আশপাশে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ র‌্যাব ও পুলিশ। নিরাপত্তার স্বার্থে বাড়িটির আশপাশ এলাকায় কাউকে যেতে দিচ্ছে না পুলিশ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, ঘিরে রাখা বাড়িটির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। সেখানে জঙ্গি আছে বলে ধারণা করা হচ্ছে। তাদের আত্মসমর্পণ করতে আহ্বান জানানো হচ্ছে।

কাউন্টার টেরোরিজম ইউনিটের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান, একতলা ওই বাড়িতে স্ত্রী ও শিশু সন্তান নিয়ে আবু (৩০) নামে এক ব্যক্তি অবস্থান করছে। ভোরে জঙ্গি আস্তানা সন্দেহ ওই বাড়িতে অভিযান চালাতে গেলে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। কিছুক্ষণ পর পর গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

এদিকে শিবগঞ্জে সন্দেহভাজন জঙ্গি আস্তানার আশপাশে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। নিরপত্তার স্বার্থে এলাকাবাসীকে আশপাশ থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে গণমাধ্যমকর্মীদেরও নিরাপদ দূরত্বে অর্থাৎ ২০০ গজ দূরে থাকতে বলা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদদের ভিত্তিতে বুধবার সকালে প্রথমে কানসাট ইউনিয়নের আব্বাস বাজার এলাকার তিনটি বাড়ি ঘেরাও করা হয়। তবে সেখানে জঙ্গির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

পরে শিবগনগর এলাকায় অন্য একটি বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো শুরু করতে যায় কাউন্টার টেরোরিজমের সদস্যরা। এসময় ওই বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। জবাবে পুলিশও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, গত তিন মাস আগে ওই এলাকার আফসার আলীর ছেলে আবুকে (৩০) বাড়ির মালিক সাইদুর রহমান ওরফে জেন্টু বিশ্বাস (৭৫) ভাড়া ছাড়াই তার বাড়িতে থাকতে দেয়। আবু স্থানীয় হাট-বাজরে মসলা বিক্রি করেন।

প্রসঙ্গত, গতকাল রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকায় কয়েকটি বাড়ি ঘিরে ‘ব্লক রেইড’ চালায় আইনশৃঙ্খলা বাহিনী। দিনভর অভিযান চালালেও সেখানে কোনো জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়নি। এছাড়া কাউকে আটক কিংবা কোনো কিছু জব্দও করা হয়নি।

এর আগে গত রবিবার গাজীপুরের টঙ্গীতে ১৫টি ওয়ার্ড ঘিরে একই ধরনের অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে উগ্র মতবাদের বই, তিনটি দেশীয় অস্ত্র ও মাদকসহ ১০ জনকে আটক করার কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার মন্তব্য

আলোচিত