সিলেটটুডে ডেস্ক

১৫ অক্টোবর, ২০২৬ ১২:১৬

সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন

ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মো. আব্দুল হাই মারা গেছেন।

গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে মুন্সিগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

আব্দুল হাই ১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মনির উদ্দিন ছিলেন ব্যবসায়ী। তাঁর স্ত্রীর নাম জামিলা খাতুন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। তাঁর ছোট ভাই মহিউদ্দিন আহমেদ মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব।

তিনি মুন্সিগঞ্জ শহরের বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন আব্দুল হাই। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি ছিলেন। দলটির কেন্দ্রীয় কোষাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন তিনি।

১৯৭৯ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তাঁর সংসদীয় রাজনীতির যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে ১৯৯১, ১৯৯৬ সালের ফেব্রুয়ারি ও জুন এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সব মিলিয়ে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ঢাকা-৮ ও মুন্সিগঞ্জ-৪ আসনের প্রতিনিধিত্ব করেছেন আব্দুল হাই। মুন্সিগঞ্জ-৪ আসনটি পরে বিলুপ্ত হয়।

পঞ্চম জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। অষ্টম জাতীয় সংসদে নির্বাচিত হন প্যানেল স্পিকার।

আপনার মন্তব্য

আলোচিত