সিলেটটুডে ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০১৭ ১১:২৭

সড়ক দুর্ঘটনায় আহত সংসদ সদস্যের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা মারা গেছেন। মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। এমপি লিটনের মৃত্যুর পর এবছরের ২২ মার্চ উপনির্বাচনে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ নির্বাচিত হয়েছিলেন।

এমপি গোলাম মোস্তফার ভাতিজা রিপন জানান, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হয়েছিলেন। এরপর থেকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। তার মাথায় গুরুতর জখম হয়েছিল।

রিপন আরও জানান, এমপি গোলাম মোস্তফার প্রথম জানাজা সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। এর পর সুন্দরগঞ্জের চণ্ডিপুরে নিজ গ্রামে হবে দ্বিতীয় জানাজা।

গত ১৮ নভেম্বর সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে গুরুতর আহত হন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা। এসময় আরও আহত হন সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল করিম, এমপির ব্যক্তিগত সহকারী রিপন মিয়া ও  চালক মঞ্জু মিয়া। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত