সিলেটটুডে ডেস্ক

২৯ মার্চ, ২০১৮ ১৩:৫২

চট্টগ্রামে ক্লাস চলাকালে ছাদ খসে শিক্ষার্থী আহত

চট্টগ্রামের সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলায় অষ্টম শ্রেণির কক্ষে ক্লাস চলাকালীন ছাদ থেকে পলেস্তরা খসে এক ছাত্র আহত হয়েছে। আহত শিক্ষার্থী মুসতাকিমুল আলমকে (১৪) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক এস এম জিয়াউল হায়দার বলেন, প্রাতঃ বিভাগের ক্লাস চলার সময় ছাদ থেকে পলেস্তরা খসে মুসতাকিমের ওপর পড়ে। এসময় তার বাঁ হাত ও বাঁ পায়ের কয়েকটা জায়গায় ছিলে গেছে। তবে আঘাত গুরুতর নয়। হাসপাতালে চিকিৎসা দিয়ে তাকে বাসায় পাঠানো হয়েছে।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ হলেও শ্রেণীকক্ষ স্বল্পতার কারণে পুরাতন ভবনে শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে। নতুন ভবন নির্মাণের জন্য অনুমোদন হয়েছে। ভবনটি নির্মাণ হলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক।

চট্টগ্রাম কোতোয়ালী থানার পাশে ১০৯ বছর বয়সী স্কুলটির তিন তলা ওই একাডেমিক ভবন চালু হয় ১৯৯০ এর দশকের শুরুতে। বর্তমানে এ স্কুলের ছাত্র সংখ্যা প্রায় আড়াই হাজার।

আপনার মন্তব্য

আলোচিত