১৮ নভেম্বর, ২০১৮ ২১:৩৪
টেলি কনফারেন্সের মাধ্যমে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে তারেক জিয়ার সাক্ষাৎকার গ্রহণের বিষয়টি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে এবং দেশের প্রচলিত আইন ও নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করা হয়েছে দাবি করে নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। একই সাথে দলটির পক্ষ থেকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে।
রোববার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে লিখিত এ অভিযোগ জানান।
পরে ফারুক খান সাংবাদিকদের বলেন, ‘দেশবাসীর মতো আমরাও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সাম্প্রতিক সময়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি তারেক জিয়া টেলি কনফারেন্সের মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন। এটি সুস্পষ্ট নির্বাচনী আইন ও আদালতের নির্দেশনার লঙ্ঘন। এ বিষয়ে আমরা কমিশনকে লিখিতভাবে অভিযোগ দিয়েছি এবং দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা বলেছি।’
তিনি জানান, শনিবার যুক্তফ্রন্টের নেতারা আদালত প্রাঙ্গণে নির্বাচন নিয়ে এমন সব কথা বলেছেন যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচন প্রশ্নবিদ্ধ করার একটি প্রয়াস। এটি অব্যাহত থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। ইসি পরীক্ষা-নিরীক্ষা করে এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।
আপনার মন্তব্য