২৫ নভেম্বর, ২০১৮ ১৬:২২
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ৬ষ্ঠ বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক চিফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
রোববার (২৫ নভেম্বর) দুপুরে দলীয় সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত চূড়ান্ত প্রার্থী হিসাবে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।
এদিকে উপাধ্যক্ষ আব্দুস শহীদের মনোনয়ন চূড়ান্ত হওয়ায় খবরে নির্বাচনী এলাকা কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ উল্লাস প্রকাশ করতে থাকেন। কোথাও কোথাও সমর্থকরা একে অপরকে মিষ্টিমুখ করান।
উল্লেখ্য, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-২৩৮, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন বর্তমান সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান। ঢাকায় ১৪ নভেম্বর গণভবনে সবাই দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ও মাঠ জরিপের মাধ্যমে সব দিক বিবেচনা করে এই আসনে ৬ষ্ঠ বারের মতো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সাবেক চিফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপিকে দলীয় মনোনয়ন প্রদান করেন।
আপনার মন্তব্য