২৫ নভেম্বর, ২০১৮ ১৯:৫৩
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে বর্তমান সাংসদ অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এই আসনে মনোনয়ন পাওয়ার দৌড়ে ছিলেন দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের পুত্র আজিজুস সামাদ ডনও।
রোববার (২৫ নভেম্বর) দলের সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত এক চিঠিতে মান্নানকে এই আসনের মনোনয়ন দেয়া হয়।
আজিজুস সামাদ ডন এবার দলীয় মনোনয়ন পেতে যাচ্ছেন এরকম গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত বর্তমান সাংসদ মান্নানেই আস্থা রাখল আওয়ামী লীগ।
বাবার মৃত্যুর পর থেকেই সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আসছেন তিনি। তবে প্রতিবারই বঞ্চিত থাকতে হচ্ছে ডনকে।
আওয়ামী লীগের মনোনয়ন না পেলে ডনের ঐক্যফ্রন্টে যোগ দেওয়ারও গুঞ্জন শোনা যায় সম্প্রতি। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের গণফোরামে ডন যোগ দিচ্ছেন বলে রাজনৈতিক মহলে গুঞ্জন ওঠে। তবে এ সকল গুঞ্জনকে গুজব বলে আখ্যায়িত করেন তিনি।
সামাদপুত্র ডন বলেন, আমি কোনো সময় নিজের মুখে বলিনি মনোনয়ন না পেলে ঐক্যফ্রন্ট করবো।
তিনি বলেন, রাজনীতিবিদ হিসেবে যে মাপেরই হই না কেন, আমি আন্তরিকভাবে রাজনীতির প্রতি কমিটেড একজন মানুষ। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটিতে সদস্য হিসেবে আছি। ফলে বঙ্গবন্ধুর আদর্শের প্রতি কমিটমেন্টে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই।
২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে সুনামগঞ্জ-৩ থেকে সাবেক আমলা এম এ মান্নানকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়। বিজয়ী হয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও হন মান্নান। এই দুই সংসদ নির্বাচনেই দলীয় মনোনয়ন চেয়েছিলেন ডন। মনোনয়ন না পেয়ে একবার স্বতন্ত্র প্রার্থীও হয়েছিলেন।
ডন বলেন, গত নির্বাচনে আমি বিদ্রোহী প্রার্থী ছিলাম না। 'যথাযথ কর্তৃপক্ষের বিশেষ নির্দেশনায়' প্রার্থী হয়েছিলাম। এটাকে বিরোধিতা বলা যাবে না। আমার শরীরে বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুস সামাদ আজাদের রক্ত। এই রক্ত কখনো বেঈমানি করবে না। ঐক্যফ্রন্টে যাবার তো প্রশ্নই আসে না।
আপনার মন্তব্য