সিলেটটুডে ডেস্ক

২৫ নভেম্বর, ২০১৮ ২৩:৪১

ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করলেন মাহী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী।

রোববার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দুজনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক থেকে বের হয়ে মাহী বি. চৌধুরী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্ট নির্বাচন থেকে সরে যাওয়ার পাঁয়তারা করছে। আর সে বিষয়ে নির্বাচনী কৌশল নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এ ছাড়া দেশে সম্পূর্ণভাবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে বলেও দাবি করেন বিকল্প ধারার এই নেতা।

মাহী বি চৌধুরী বলেন, ‘যেকোনো ভাবে নির্বাচন থেকে বেরিয়ে যাওয়ার একটা উছিলা মনে হয় খুঁজছে বিএনপি-জামায়াতের নতুন জোট। সেই কারণে আমরাও আলোচনা করছি যে আমাদের কর্মকৌশল কী হবে, কীভাবে আমরা নামব, কেননা আমরা সম্পূর্ণভাবে নির্বাচনী পরিবেশে বিরাজমান। এখনো কোথাও এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যেখানে নির্বাচন থেকে তারা বেরিয়ে যেতে পারে। এ ধরনের পাঁয়তারা করছে।’

আপনার মন্তব্য

আলোচিত