সিলেটটুডে ডেস্ক

২৬ নভেম্বর, ২০১৮ ০৩:০০

গাজীপুরের মনোনয়ন চেয়ে ঢাকা-১৭ পেলেন চিত্রনায়ক ফারুক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট-ভাসানটেক) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফারুক (আকবর হোসেন খান পাঠান)।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে তিনি দলীয় সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়নের চিঠি সংগ্রহ করেন। এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।

এরআগে, গাজীপুর-৫ আসনের জন্য দলীয় মনোনয়নপত্র কিনেছিলেন চিত্রনায়ক ফারুক। তবে ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

আর মুক্তিযোদ্ধা ও বরেণ্য চিত্রনায়ককে ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

মনোনয়ন পাওয়ার পর নায়ক ফারুক বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি ভালোবাসার ফল পেয়েছি। আশাকরি, নির্বাচনে জয়ী হয়ে এই আসনটি দেশরত্ন শেখ হাসিনাকে উপহার দিতে পারব।

উল্লেখ্য, ঢাকা-১৭ আসন থেকে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ২০১৪ সালে নির্বাচনে এই আসনে সংসদ সদস্য হন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এসএম আবুল কালাম আজাদ।

আপনার মন্তব্য

আলোচিত