২৬ নভেম্বর, ২০১৮ ১৩:৪৫
১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ ‘নৌকা’ প্রতীকে মনোনয়ন না পেয়ে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করতে গণফোরামে যোগ দিচ্ছেন। এরই মধ্যে তিনি ড. কামালের সঙ্গে দেখাও করেছেন।
গণফোরামের দলীয় প্রতীক ‘উদীয়মান সূর্য’, কিন্তু একাদশ সংসদ নির্বাচনে দলটি বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।
অধ্যাপক আবু সাইয়িদ আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছিলেন।
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের টিকেট নিয়ে তার নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করতে পারেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে তিনি ঐক্যফ্রন্টে যোগ দিতে যাচ্ছেন বলে তার নিকটাত্মীয়দের কাছ থেকে জানা গেছে।
গণফোরামের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জগলুল আফ্রিদ বলেন, অধ্যাপক আবু সাইয়িদ ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করেছেন। খুব শিগগিরি তিনি গণফোরামে যোগ দেবেন।
আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত ২০ থেকে ২৫ ‘হেভিওয়েট প্রার্থী’র গণফোরামে যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে গণফোরামের একটি সূত্র।
এরআগে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, সাবেক জেনারেল (অব.) আনসা আমিন ও একুশে টেলিভিশনের সাবেক মালিক আবদুস সালাম রোববার গণফোরামে যোগ দেন।
আপনার মন্তব্য