২৭ নভেম্বর, ২০১৮ ১৫:১৯
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবদুল আলীমের পুত্র ফয়সল আলীমকে মনোনয়ন দিয়েছে বিএনপি। ফয়সল আলীম বিএনপির কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির জ্যেষ্ঠ সদস্য।
জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের জন্যে সোমবার ফয়সল আলীমের মনোনয়ন সংক্রান্ত চিঠি দেওয়া হয়। এছাড়াও একই আসনের জন্যে চিঠি দেওয়া হয় জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানকে।
ফয়সল আলীম সাবেক মন্ত্রী বিএনপি নেতা আবদুল আলীমের বড় ছেলে। একাত্তরে মানবতা-বিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালে ৯ অক্টোবর আলীমকে আমৃত্যু কারাবাসের সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তার বিরুদ্ধে আনা ১৭টি অভিযোগের মধ্যে নয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। ৩০ আগস্ট ২০১৪ সালে আলীম মারা যান।
একাত্তরে কনভেনশন মুসলিম লীগের প্রভাবশালী নেতা আবদুল আলীম মুক্তিযুদ্ধকালে জয়পুরহাটে শান্তি কমিটি গড়ে তোলেন। তিনি ছিলেন ওই কমিটির সভাপতি। স্থানীয় পাট ব্যবসায়ী শাওনলাল বাজলার গদিঘর (বাণিজ্যিক দপ্তর) দখল করে সেখানে তিনি পাকিস্তানি সেনাদের ক্যাম্প, শান্তি কমিটির কার্যালয় ও রাজাকারদের প্রশিক্ষণকেন্দ্র গড়ে তুলেছিলেন। ১৯৭৯ সালে তিনি বিএনপিতে যোগ দিয়ে সাংসদ নির্বাচিত হন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে তিনি মন্ত্রী হন।
২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান জেলার-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী খাজা সামছুল আলমকে ৩৪ হাজার ২৯২ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তবে ২০১৪ সালে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী সামছুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন। মোজাহার আলী গত ৫ জানুয়ারি মারা যান।
এ আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ সামছুল আলম।
আপনার মন্তব্য