কমলগঞ্জ ও শ্রীমঙ্গল প্রতিনিধি

২৮ নভেম্বর, ২০১৮ ১৮:০২

মৌলভীবাজার-৪ আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন জমা

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন। এই আসনে সর্বমোট মনোনয়ন জমা দিলেন ৫ প্রার্থী।

এ আসনে ৬ষ্ঠ বারের মতো আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

বুধবার (২৮ নভেম্বর) বিকাল পৌনে ৪টায় কমলগঞ্জ উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) মনোনয়ন জমা দিতে শ্রীমঙ্গল উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন বিকেল ৪টায়। এ সময় তার সাথে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷

হাজী মুজিবের ছেলে মুঈদ আশিক চিশতীও বিএনপির বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিকেল পৌনে ৫টায় কমলগঞ্জ উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মুঈদ আশিক চিশতী মনোনয়নপত্র দাখিল করেন।

গণফোরাম মনোনীত প্রার্থী শান্তিপদ ঘোষ মনোনয়নপত্র জমা দিয়েছেন মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। বিকেল সাড়ে ৪টার দিকে মনোনয়নপত্র জমা দেয়ার কথা সিলেটটুডেকে টোয়েন্টিফোর ডটকমকে তিনি নিশ্চিত করেন।

এই আসনে মঙ্গলবার (২৭ নভেম্বর) মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা সালাউদ্দিন।

মনোনয়নপত্র দাখিল করার পর উপজেলা পরিষদ চত্বরে অপেক্ষমাণ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত সভায় উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আমাকে ৬ষ্ঠ বারের মতো শ্রীমঙ্গল-কমলগঞ্জ তথা মৌলভীবাজার-৪ নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগের নৌকা মার্কায় মনোনয়ন দিয়েছেন। সকল ভেদাভেদ ভুলে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না।

এ সময় তিনি নৌকা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানিয়ে বলেন, এলাকার জনগণকে আমি ভালোবাসি। জনগণ যদি আবারো তাদের সেবা করার সুযোগ দেন তা হলে আমি জনগণের সেবক হিসেবে কাজ করে যাবো। মনোনয়নপত্র দাখিলের সময় দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আব্দুস শহীদ স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন।

উল্লেখ্য, পুন:তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন বাছাই ২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর।



আপনার মন্তব্য

আলোচিত