নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০১৮ ১১:৫১

রেজা কিবরিয়া ও কেয়া চৌধুরীর মনোনয়নপত্র বাতিল

জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া ও হবিগঞ্জের আওয়ামী লীগ দলীয় বিদ্রোহী প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

রোববার (২ ডিসেম্বর) মনোননপত্র বাছাই শুরু হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ হবে।

রেজা কিবরিয়ার বিরুদ্ধে রয়েছে ঋণখেলাপের অভিযোগ। এই অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল হয় বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদ।

রিটার্নিং কর্মকর্তা বলেন, রেজা কিবরিয়া সিটি ব্যাংকের ক্রেডিট কার্ডের বিপরীতে ঋণ পরিশোধ করেননি। তবে ঋণের পরিমাণ কত তা বলেননি।

রেজা কিবরিয়া সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত নেতা শাহ এ এম এস কিবরিয়ার ছেলে। রাজধানীর মতিঝিলে গণফোরামের সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে ১৮ নভেম্বর দলের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন রেজা কিবরিয়া।

কেয়া চৌধুরী হলফনামায় সাক্ষর না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে কেয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

কেয়া চৌধুরীর বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জানান, তিনি হলফনামার তৃতীয় অংশ পূরণ করেননি। পাশাপাশি হলফনামায় অন্যের সাক্ষর রয়েছে। তিনি নিজে সই করেননি।

এই দুজন ছাড়াও হবিগঞ্জ-১ আসনে অধ্যাপক আব্দুল হান্নান (স্বতন্ত্র), আবু হানিফ আহমদ হোসেন (ইসলামী আন্দোলন), বদরুর রেজা সেলিম (ইসলামীক ফ্রন্ট), জুবায়ের আহমেদ (ইসলামী ফ্রন্ট) এর মনোনয়ন বাতিল করা হয়।

এদিকে হবিগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী জাকির হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি হলফনামা সাক্ষর করেননি।

আপনার মন্তব্য

আলোচিত