সিলেটটুডে ডেস্ক

০২ ডিসেম্বর, ২০১৮ ২০:৩৮

সারাদেশে ৭৮৬টি মনোনয়ন পত্র বাতিল

দুর্নীতির মামলায় কারান্তরীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দুইটিসহ সারাদেশে ৭শত ৮৬টি মনোনয়ন পত্র বাতিল করেছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। সুতরাং এখন বৈধ প্রার্থীর সংখ্যা ২ হাজার ২ শত ৭৯ জন।

রোববার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন কার্যালয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, ঋণখেলাপি, নূন্যতম এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ঘাটতিসহ না ত্রুটিতে ওইসব মনোনয়নপত্র বাতিল করা হয়।

রোববার সকালে সারাদেশে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে সকাল ৯টায় শুরু হওয়া প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয় বিকেল ৫টায়। এর আগে গত ২৮ নভেম্বর পর্যন্ত আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সারাদেশে ৩০০ আসনে মনোনয়ন দাখিল করেন ৩ হাজার ৫৬জন।

যার মধ্যে সিলেট বিভাগে ১৭৭টি, ঢাকা বিভাগে ৭০৮টি, রংপুর বিভাগে ৩৬১টি, রাজশাহী বিভাগে ৩৫৩টি, খুলনা বিভাগে ৩৫১টি, বরিশাল বিভাগে ১৮২টি, ময়মনসিংহ বিভাগে ২৩৬টি ও চট্টগ্রাম বিভাগে ৬৮৮টি মনোনয়ন দাখিল করেন।

সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়ে ঢাকা-৮ আসনে ২২টি। মাগুরা-২ আসনে সর্বনিম্ন চারটি মনোনয়ন জমা পড়ে।

প্রসঙ্গত, পুনঃতফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল গত ২৮ নভেম্বর (বুধবার)। মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল আজ রোববার (২ ডিসেম্বর)। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর।

আপনার মন্তব্য

আলোচিত