০৩ ডিসেম্বর, ২০১৮ ১৮:০১
ভোলা-১ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ চেয়ে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থর করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাই কোর্ট।
সোমবার (৩ ডিসেম্বর) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাই কোর্টের বেঞ্চ এ আদেশ দেন।
চলতি সপ্তাহে ভোলা-১ আসনের প্রার্থী আন্দালিভ রহমান পার্থ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ আসনে ইভিএমে ভোট গ্রহণের নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিটটি করেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।
মো. আল আমিন সরকার বলেন, নির্বাচন তফসিল ঘোষণার পর ফলাফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়া নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন পদ্ধতি ও প্রক্রিয়া নির্বাচন কমিশনের নীতিনির্ধারণী সিদ্ধান্তের বিষয়ে রিট আবেদনে চ্যালেঞ্জ করা যায় না। এই দিক বিবেচনা করে আদালত রিটটি খারিজ করে দিয়েছেন।
আপনার মন্তব্য