সিলেটটুডে ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০১৮ ১৪:২৫

প্রার্থিতা ফিরে পেতে খালেদার আপিল

জাতীয় নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা।

বুধবার (৫ ডিসেম্বর) ফেনী-১ আসনের জন্য ব্যারিস্টার কায়সার কামাল, বগুড়া-৬ ব্যারিস্টার নওশাদ জমির এবং বগুড়া-৭ আসনের জন্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার নির্বাচন কমিশন সচিবালয়ে এই আপিল জমা দেন।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দী আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ফেনী থেকে একটি এবং বগুড়া থেকে দুটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

কিন্তু গত ২ ডিসেম্বর আবেদন যাচাই-বাছাইয়ে খালেদা জিয়ার তিনটি মনোনয়নপত্রই অবৈধ ঘোষণা করা হয়। তার বিরুদ্ধে আজ ইসিতে আপিল করতে গেছেন তার প্রতিনিধি।

প্রসঙ্গত, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩ হাজার ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরে যাচাই-বাছাই কালে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। এদের মধ্যে অনেকেই প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল আবেদন করছেন। আজ এই আপিল গ্রহণের শেষ দিন।

মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফিরে পেতে আপিল করে ২৩৪ জন। প্রথম দিন সোমবার ৮২ জন আপিল করেছিলেন। সব মিলিয়ে দুদিনে আপিলকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৬।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আপিলের শুনানি শুরু হবে। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনার, ইসির সচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটরা উপস্থিত থাকবেন। ইতোমধ্যে নির্বাচন ভবনের ১১ তলায় শুনানির জন্য ট্রায়াল রুম তৈরি করেছে ইসি।

৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর।

আপনার মন্তব্য

আলোচিত