০৭ ডিসেম্বর, ২০১৮ ১২:২৯
দ্বিতীয় দিনের মতো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। শুক্রবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের ১১তলায় এজলাসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাসহ অন্য কমিশনাররা শুনানি করছেন।
সকাল ১০টায় শুরু হওয়া শুনানি জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি দিয়ে সম্পন্ন করবে ইসি। আজ বিভিন্ন নির্বাচনী এলাকার দল ও স্বতন্ত্র প্রার্থী নিয়ে ১৫০ জনের শুনানি হবে।
সিরিয়াল নম্বর অনুযায়ী-আজ ১৬১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত এবং আগামীকাল শনিবার শেষ দিন ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদনের শুনানি হবে।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট ৫৪৩ জন আপিল করেছিলেন।নির্বাচনের জন্য তিন হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল করেছিলেন। এক শতাংশ ভোটার না থাকায়, ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র, লাভজনক পদে থাকা, হলফনামায় স্বাক্ষর না থাকা, আয়কর রিটার্ন দাখিল না করা, ঋণ খেলাপির অভিযোগ, দণ্ডপ্রাপ্ত এবং অন্যান্য কারণে তাদের মনোনয়নয়ন বাতিল করা হয়েছিল।
প্রথম দিনের আপিল শুনানিতে মোট ৮০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপির ৩৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র ফেরত পেয়েছেন। দলটির ২০ জন প্রার্থীর আপিল নাকচ হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন প্রার্থিতা ফেরত পেয়েছেন। প্রার্থিতা ফেরত পাওয়ার তালিকায় রয়েছেন স্বতন্ত্র ১৩ জন।
এ নির্বাচনে ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ৩০ ডিসেম্ভব ভোটগ্রহণ।
আপনার মন্তব্য