সিলেটটুডে ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০১৮ ১৫:৫২

বিএনপি মনোনয়ন বাণিজ্যে বেসামাল: নানক

ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, মনোনয়ন বাণিজ্যে দলটি বেসামাল হয়ে পড়েছে। ঢাকা বা বাংলাদেশে নয়, লন্ডনে গিয়ে পৌঁছেছে এ অবস্থা।

শনিবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নানক বলেন, দুঃখ প্রকাশ করছি, বিএনপি তাদের মনোনয়ন বাণিজ্য বেসামাল পর্যায়ে চলে গেছে।  মাত্র টেলিভিশনে দেখলাম দেখলাম, বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ চলছে। লেজেগোবরে সৃষ্টিকারী দল থেকে জাতি ভালো কিছু আশা করতে পারে না।

লন্ডনে থাকার বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, লন্ডনে অবস্থানরত সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে সাথে নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে।

ইসি নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে নানক বলেন, নির্বাচন কমিশন স্বাধীন, সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে বলেই কোনো চাপের মুখে নতি স্বীকার না করে স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

নিজের দলের বিদ্রোহীদের প্রসঙ্গে তিনি বলেন, বিদ্রোহী ২৪ জন ছিল, ৬-৭ জন প্রত্যাহার করেছে। যারা এখনও প্রত্যাহার করেনি, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তার দুই-একদিনের মধ্য তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করবে।

নির্বাচনে আওয়ামী লীগের জয়ের আশা করে নানক বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। আমরা বিশ্বাস করি, এ বিজয়ের মাসে বাঙালি জাতির নতুন করে শপথ গ্রহণ করবে। এই নির্বাচনেও ৭০-এর নির্বাচনের মতো বাঙালি জাতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে একটি চূড়ান্ত বিজয় অর্জন করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, বি এম মোজাম্মেল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত