২৪ জানুয়ারি, ২০২৬ ২২:৪৭
জাতীয় নির্বাচনের আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে ফের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৫টায় বিভিন্ন হল ও গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষেভ করে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন আন্দোলনকারীরা।
বিক্ষোভ মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘হাইকোর্ট না শাকসু, শাকসু শাকসু’, ‘শাকসু নিয়ে তাল বাহানা, মানি না-মানব না’, ‘আই হ্যাভ এ প্লান, শাকসু ব্যান’, ‘সাস্টিয়ানদের ডিসিশন, মানতে হবে প্রশাসন’, ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘শাকসু চাই শাকসু দাও, নইলে গদি ছাইড়া দাও’ ইত্যাদি স্লোগান দেন।
শাকসুতে স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার বলেন, নানা তালবাহানার পরেও জাতীয় নির্বাচনের আগে আমাদের ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। বিএনপি সর্বশক্তি দিয়ে এ শাকসু বন্ধ করার চেষ্টা করছে। আমরা শিক্ষার্থীদের কথা বলেছি। তারা আশঙ্কা করছে, শাকসু যদি না হয় পূর্বের মতো অপরাজনীতি ফিরে আসবে। শিক্ষার্থীরা চান শাকসু হোক। ভোটের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চান।
উল্লেখ্য, গত বুধবার ও বৃহস্পতিবার ২৮ বিভাগে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। তবে প্রশাসনিক কার্যক্রম চালু ছিল।
দীর্ঘ ২৮ বছর পর গত ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ নির্বাচন স্থগিতের জন্য হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের রায়ে শাকসু নির্বাচন আয়োজনে ৪ সপ্তাহের স্থগিতাদেশ দেওয়া হয়।
আপনার মন্তব্য