নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২৬ ২২:৪৯

সিলেটে ‘সদস্য সংগ্রহকালে’ নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

সিলেট মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য সংগ্রহ এবং সাংগঠনিক তৎপরতা চালানোর অভিযোগে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা-পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ও শনিবার (২৮ নভেম্বর) ভোরে জালালাবাদ থানার পাঠানটুলা ও মইয়ারচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন, পাঠানটুলা দর্জিপাড়া এলাকার মো. রাসেল আলী (৪৬)। তিনি সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি। অপরজন মইয়ারচর এলাকার ইহতেশাম আহমদ মাআজ (২৩)। তিনি সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টা ১০ মিনিটের দিকে পাঠানটুলা এলাকায় অভিযান চালিয়ে রাসেল আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি জালালাবাদ থানায় ২০২৪ সালে দায়ের করা একটি মামলার তদন্তে পাওয়া সন্দেহভাজন আসামি।

অন্যদিকে, শনিবার রাত ২টা ৩০ মিনিটের দিকে মইয়ারচর এলাকায় অভিযান চালিয়ে ইহতেশাম আহমদ মাআজকে গ্রেফতার করা হয়। তিনি সন্ত্রাসবিরোধী আইনে ২০২৬ সালে দায়ের করা একটি মামলার তদন্তে পাওয়া সন্দেহভাজন আসামি।

পুলিশের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম পরিচালনা, নতুন সদস্য সংগ্রহ এবং গোপন বৈঠকের মাধ্যমে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন তারা। এ ছাড়া সরকারবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল এবং রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে উসকানি ও ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত