সিলেটটুডে ডেস্ক

০৩ মার্চ, ২০১৫ ১৯:২৩

অভিজিৎ হত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে শাবিতে পদযাত্রা

ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুখে কালো কাপড় বেঁধে পদযাত্রা করে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে

ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুখে কালো কাপড় বেঁধে পদযাত্রা করে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও ক্রীড়াজোট এর আয়োজন করে।

আয়োজনের মধ্যে ছিলো প্রথমে মানববন্ধন ও মানববন্ধন শেষে মৌন মিছিল। মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। গ্রন্থাগার ভবনের সামনে মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক সারওয়ার তুষার।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারি অধ্যাপক সোহেল রানা, প্রেসক্লাব সভাপতি গাজী সাদেক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহবায়ক শাহরিয়ার মজুমদার, সাব্বির আহমদ, ছাত্রনেতা কামরুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাবিপ্রবি শাখার আহ্বায়ক অনিক ধর এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে ফেরার পথে দুষ্কৃতিকারীদের হামলায় নির্মমভাবে নিহত হন ব্লগার ও লেখক অভিজিৎ রায় এবং মারাত্মক আহত হন তার স্ত্রী বন্যা আহমেদ।

 

 

আপনার মন্তব্য

আলোচিত