১৪ অক্টোবর, ২০২৬ ১১:৫৮
ছবি: সংগৃহীত
আরবি বিভাগের অধ্যাপক হয়েও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। এ সমালোচনার জবাবে তিনি এর ক্রেডিট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তিনি বলছেন, আল্লাহ জনাব তারেক রহমানকে দিয়ে আমাকে নিয়োগ করিয়েছেন।
এছাড়াও তিনি বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে হলে বিজ্ঞানী হতে হবে এমন কোনও কথা নেই।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ছবিরুল ইসলাম হাওলাদার বলেন, অনেকে বলে, ছবিরুল ইসলাম ভিসি হলো কীভাবে? বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়াকে কবর থেকে এনে নিয়োগ দিলেই কি সেটা বিজ্ঞান হয়ে যাবে? না।
উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আমি যখন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলাম, তখন পিরোজপুরের ফেসবুক পুরো গরম হয়ে গেছে। ফেসবুকজুড়ে আগুন, পত্রপত্রিকায়ও আলোচনা। বিভিন্ন মানুষ পিরোজপুর থেকে ঢাকা, ঢাকা থেকে রাজশাহী-কিছু লোকের মধ্যে শুধু জ্বালা-যন্ত্রণা।
নিজের নিয়োগের বিষয়ে তিনি বলেন, আমাকে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আল্লাহ জনাব তারেক রহমানকে দিয়ে আমাকে নিয়োগ করিয়েছেন। কী কারণে? ছোটবেলা থেকেই কোরআন ও রাসুল (সা.)-কে ভালোবেসেছি, সাধ্যমতো সেই অনুযায়ী আমল করার চেষ্টা করেছি। পৃথিবীর কোনও মানুষকে খুশি করার জন্য কাজ করিনি, ভবিষ্যতেও করব না।
শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক ছবিরুল ইসলাম হাওলাদার বলেন, তোমরা তোমাদের নিয়ত সহিহ করো, আল্লাহ দুনিয়ায় ইজ্জত ও সম্মান দেবেন।
প্রসঙ্গত, গত ৮ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারকে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর তার নিয়োগের যোগ্যতা ও বিষয়সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।
আপনার মন্তব্য