নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৬ ১৩:৩৭

১১ মাসে শাবিপ্রবির ৮ শিক্ষার্থীর মৃত্যু, শেষ চার দিনে ৩ জন

গত ১১ মাসে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন পানিতে ডুবে, দুজন সড়ক দুর্ঘটনায়, দুজন অসুস্থ হয়ে এবং একজন কীটনাশক পানে মারা গেছেন।

এরমধ্যে সর্বশেষ চার দিনে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে শোকের ছায়া নেমে এসেছে ক্যাম্পাসে। একের পর এক শিক্ষার্থীকে হারিয়ে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম।

জানা যায়, গত বছরের ১২ নভেম্বর মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আমিন। মৃত্যুর আগে পড়াশোনা নিয়ে তিনি অতিরিক্ত হতাশায় ভুগছিলেন বলে জানা গেছে।

চলতি বছরের ৩০ জানুয়ারি সিলেটের লালাখালে ঘুরতে গিয়ে গোসল করতে নেমে মারা যান তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুসআব আমীন। তিনি সাঁতার জানতেন না।

গত ১৫ মে সিলেটের পর্যটনকেন্দ্র বিছানাকান্দিতে ঘুরতে গিয়ে পানিতে ডুবে মারা যান পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত বণিক (২২)। ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে তিন বন্ধু মিলে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নোম্যান্সল্যান্ডসংলগ্ন একটি জলাশয়ে গোসল করতে নামেন তারা।

একপর্যায়ে পানির তীব্র স্রোত ও গভীরতায় তলিয়ে যান শান্ত। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

এছাড়া গত ১৬ সেপ্টেম্বর সিলেট নগরের চৌকিদিখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে মারা যান কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দীপাঞ্জন ঘোষ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীদের সূত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সুইমিংপুলে সাঁতার কাটার সময় দুর্ঘটনাটি ঘটে। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে নগরের দরগাহ গেট এলাকার নূরজাহান হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত সোমবার (১২ অক্টোবর) অসুস্থ হয়ে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জিসান হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগটির বিভাগীয় প্রধান।

এ ছাড়া প্রেমঘটিত বিরোধের জেরে গত ৪ অক্টোবর কীটনাশক পান করেন রসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার বাঁধন (২১)। ৯ দিন পর মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

অন্যদিকে গত শনিবার (১০ অক্টোবর) মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান রহমান। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বিশ্ববিদ্যালয়সংলগ্ন তপোবন আবাসিক এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রতন।

এসব ঘটনায় শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম। তিনি বলেন, ‘প্রতিটি ঘটনায় আমরা শিক্ষার্থীদের বাঁচানোর জন্য দ্রুত সাড়া দিয়েছি। কিন্তু মৃত্যু অনিশ্চিত। একের পর এক শিক্ষার্থীর মৃত্যুতে আমরা শোকাহত। অদম্য মেধাবীদের হারানো শাবিপ্রবির জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

আপনার মন্তব্য

আলোচিত