১৩ জানুয়ারি, ২০১৭ ১৬:৪৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী প্রযুক্তি গবেষণা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। আগামী রোববার শেষ হবে এ সম্মেলন। এতে ছয় দেশের ২৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিয়েছেন।
শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া।
সম্মেলনের আহবায়ক ফলিত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, জাপানের চিবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজুকি ইনোবুষি, সম্মেলনের সদস্য সচিব ও শাবির ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল মুকিদ মোহাম্মদ মুকাদ্দেস। সঞ্চালনা করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম ও বায়োকেমিস্ট্রি এন্ড মলিক্যুলার বায়োলজি বিভাগের প্রভাষক খন্দকার আতকিয়া ফারিহা।
সভায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় দেশের মধ্যে প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়। এখানকার গবেষণা অনেক উন্নতমানের। এমনকি সাম্প্রতিককালে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে শাবিপ্রবি। এখানে যারা শ্রোতা আছেন সকলে পেপার প্রেজেনটেশন শুনলে অনেক বেশি উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, আমি সিলেটের সন্তান। তবে আজ এ সম্মেলনে আসতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে বলে মন্তব্য করেন তিনি।
জাপানের চিবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজুকি ইনোবুষি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এ সম্মেলনের সাফল্য কামনা করেন।
সম্মেলনের প্রথম দিন ২টি কিনোট ও আইআইসিটি ভবনে ৮টি সেশনে ৪১টি গবেষণা প্রবন্ধ উপস্থাপনের আয়োজন করা হয়।
সদস্য সচিব অধ্যাপক ড. আব্দুল মুকিদ মোহাম্মদ মুকাদ্দেস জানান, আন্তর্জাতিক এ সম্মেলনে ৪টি কি-নোট, ৪টি ইনভাইটেট, ১৪০টি গবেষণা প্রবন্ধ, ২৫টি পোস্টার উপস্থাপন করা হবে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে এ সম্মেলন বলে জানান তিনি।
আপনার মন্তব্য