১৮ জুলাই, ২০১৭ ২২:৩০
শোকের মাস আগস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মঞ্জুরুল হায়দার সুমনের (সুমন আখন্দ) ‘আপত্তিকর’ স্ট্যাটাসের প্রেক্ষিতে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দের ফোরাম’র পক্ষ থেকে শাবি রেজিস্টার বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) শিক্ষকদের ওই সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপির বিষয়টি নিশ্চিত করেছেন শাবি রেজিস্টার মো. ইশফাকুল হোসেন।
স্মারকলিপিতে আওয়ামীপন্থী শিক্ষকের একাংশ দাবি করেন, শিক্ষক মঞ্জুরুল হায়দার সুমন ইচ্ছাকৃতভাবে জাতির জনক ও আগস্ট মাসকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, যেটা বাংলাদেশের আইন ও সংবিধান পরিপন্থী। শোকের মাস আগস্ট সম্পর্কে এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তারা।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয় যে, অভিযুক্ত শিক্ষক এর আগেও ২০১৩ সালে ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
এদিকে, শিক্ষক মঞ্জুরুল হায়দার সুমনের আপত্তিকর স্ট্যাটাসের নিন্দা জানিয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ। এছাড়াও শাবি প্রশাসন অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানো নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছেন শাবি রেজিস্টার মো. ইশফাকুল হোসেন।
তবে এখনো কোন ধরনের কারণ দর্শানো নোটিশ পাননি বলে জানিয়েছেন অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুল হায়দার সুমন।
ক্যাম্পাস সূত্র জানায়, উক্ত শিক্ষকের ফেসবুক স্ট্যাটাসে লেখা ছিল- ‘দিন গুনছি... আসছে আমার আনন্দের আগস্ট।’ এ লেখাটি দেখার পর গত রবিবার রাতেই ফেসবুকে ওই শিক্ষককে নিয়ে সমালোচনার ঝড় তুলেন শাবির ছাত্রলীগের স্থগিত কমিটির নেতাকর্মীরা। পরবর্তীতে সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ঢুকে এ শিক্ষকের রুমের জানালা ও নেমপ্লেট ভাঙচুর করা হয়।
আত্মপক্ষ সমর্থন করে নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুরুল হায়দার বলেন, ‘আগস্ট মাসে আমার ও আমার স্ত্রীর জন্মদিন এবং পিএইচডি থিসিস সমাপ্ত ও বার্ড জার্নালে একটা আর্টিকেল প্রকাশের কথা রয়েছে। সেই আনন্দে আমি আমার ফেসবুক ওয়ালে ব্যক্তিগত অনুভূতি থেকে একটা স্ট্যাটাস দেই। তবে লেখাটি বিতর্ক সৃষ্টি করছে বলে অভিযুক্ত শিক্ষকের সহকর্মী জানালে পরবর্তীতে স্ট্যাটাসটি ডিলিট করে দেই।’
শাবির আওয়ামীপন্থী শিক্ষকদের আরেকটি অংশ বঙ্গবন্ধু পরিষদ থেকে শিক্ষক মঞ্জুরুল হায়দার সুমনের শাস্তি দাবি করে উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়াকে পত্র এবং শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা আহবানের অনুরোধ জানিয়েছেন পরিষদের সাধারণ সম্পাদক মো. ফারুক উদ্দিন।
আপনার মন্তব্য