সিলেটটুডে ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০২৫ ১৮:১৪

২০২৫: রাশমিকার ক্যারিয়ারের সেরা বছর

পাঁচ ছবির দাপট

ছবি: সংগৃহীত

২০২৫ সালকে রাশমিকা মন্দানার ক্যারিয়ারের সবচেয়ে বৈচিত্র্যময় ও সাফল্যমণ্ডিত সময় বলা যায় নিঃসন্দেহে। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত পাঁচটি ভিন্ন ঘরানার ছবিতে অভিনয় করে নিজের বহুমুখী ক্ষমতা নতুন করে প্রমাণ করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। ভিকি কৌশলের সঙ্গে অ্যাকশন–ড্রামা ‘ছাবা’ দিয়ে বছরের যাত্রা শুরু করে, সমালোচকদের প্রশংসা কুড়িয়ে ‘দ্য গার্লফ্রেন্ড’ দিয়ে বছরটি শেষ করেন তিনি। সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকা জানান তাঁর এই সাফল্যের অভিজ্ঞতা ও অনুভূতির কথা।

অভিনয়ে আত্মবিশ্বাসের নতুন সূত্র

রাশমিকার কথা অনুযায়ী, নয় বছর ধরে তিনি নিজেকে প্রমাণ করার চাপ অনুভব করেছেন। কিন্তু ‘দ্য গার্লফ্রেন্ড’-এ ভুমা দেবীর চরিত্রটি তাঁকে সেই চাপ থেকে মুক্তি দিয়েছে। তাঁর ভাষায়, ‘এই চরিত্রটা করতে গিয়ে প্রথমবার মনে হয়েছে—হ্যাঁ, আমি পারছি।’
‘অ্যানিমেল’ ও ‘দ্য গার্লফ্রেন্ড’—দুটি একেবারেই ভিন্নধর্মী কাজ। একদিকে বাণিজ্যিক, তীব্র অ্যাকশন; অন্যদিকে এক নারীর আত্মঅন্বেষণের গল্প। সামাজিক দায়বদ্ধতার প্রশ্নে রাশমিকার উত্তর স্পষ্ট—দুটো গল্পই বাস্তব, তাই দুটোই জরুরি।

তিনি জানান, ‘অ্যানিমেল’–এ তাঁর চরিত্র গীতাঞ্জলি দুর্বল ছিল না; বরং সে নিজের অবস্থান জানত এবং প্রতিবাদ করতে জানত। প্রায় সব সিনেমাতেই তিনি শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করেছেন বলে মনে করেন রাশমিকা।

 

রাশমিকার ২০২৫–এর ঝকঝকে খতিয়ান

  • ‘ছাবা’ (১৪ ফেব্রুয়ারি) — ভিকি কৌশলের সঙ্গে অ্যাকশন–ড্রামা; বক্স অফিসে ব্যাপক সাড়া, আয় ৮০০ কোটি রুপি

  • ‘সিকান্দার’ (৩০ মার্চ) — সালমান খানের সঙ্গে প্রথম জুটি; আয় ১৭৬ কোটি রুপি

  • ‘কুবেরা’ (২০ জুন) — শেখর কাম্মুলার তামিল–তেলেগু ছবি; আয় ১১৫ কোটি রুপি

  • ‘থামা’ (২১ অক্টোবর) — ম্যাডক ফিল্মসের হরর–কমেডি ইউনিভার্স; আয় ১৬৮ কোটি রুপি

  • ‘দ্য গার্লফ্রেন্ড’ (৭ নভেম্বর) — তামিল রোমান্টিক–ড্রামা; এক সপ্তাহে আয় ৫০ কোটি রুপি

সব মিলিয়ে পাঁচ সিনেমায় রাশমিকার মোট আয় ১,৩০০ কোটি রুপিরও বেশি—২০২৫ সালে কোনো নায়িকার কাছে নেই এই সাফল্যের ধারে কাছে।

আগামীতে রাশমিকা হাজির হচ্ছেন তাঁর পরবর্তী প্যান–ইন্ডিয়ান অ্যাকশন ফিল্ম ‘মাইসা’ নিয়ে, যেখানে তাঁকে দেখা যাবেআরও শক্তিশালী ও প্রভাবশালী চরিত্রে।

আপনার মন্তব্য

আলোচিত