সিলেটটুডে ডেস্ক

১২ ডিসেম্বর, ২০১৭ ১৪:২৯

এবার পুরোদমে চালু হল জরুরি সেবা ৯৯৯

জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স কিংবা পুলিশি সাহায্য পেতে এখন থেকে ৯৯৯ ডায়াল করেই মিলবে সেবা। এক বছর পরীক্ষামূলক কার্যক্রমের পর আনুষ্ঠানিকভাবে চালু হল জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তার হেল্পলাইন ৯৯৯।

দিন-রাত ২৪ ঘণ্টা যে কোনো সময় যে কেউ বিনা খরচে ৯৯৯ ডায়াল করে জরুরি সেবা নিতে পারবেন।

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর আব্দুল গণি রোডে ডিএমপির ক্রাইম অ্যান্ড কমান্ড সেন্টারে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন এসময় উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক। ‘৯৯৯’ অপারেট করবে পুলিশ। ৯৯৯ নম্বরটি সম্পূর্ণ ‘টোল ফ্রি’। কোনো খরচ ছাড়াই নাগরিকরা এই জরুরি সেবা নিতে পারবেন।

কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে, প্রাণনাশের আশঙ্কা দেখা দিলে, কোনো হতাহতের ঘটনা চোখে পড়লে, কোনো দুর্ঘটনা ঘটলে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ও অ্যাম্বুলেন্সের প্রয়োজন হলে ৯৯৯ ডায়াল করলেই সেবা পাওয়া যাবে।

প্রসঙ্গত, কালিয়াকৈর হাইটেক পার্কে গতবছর পরীক্ষামূলকভাবে জাতীয় হেল্পডেক্স ৯৯৯ চালু করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ২০১৬ সালের ১ অক্টোবর থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত সেখানে পরীক্ষামূলকভাবে সেবা দেওয়া হয়।

তার ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, সেবা প্রত্যাশীদের মধ্যে ৬৪.৮০ শতাংশ পুলিশি সেবা, ৩১.১০ শতাংশ ফায়ার সার্ভিস এবং ৪.১০ শতাংশ অ্যাম্বুলেন্স সেবার জন্য ফোন করেছিলেন।

গত ৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভা শেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক সাংবাদিকদের বলেছিলেন, গত প্রায় এক বছরে ৯৯৯ এ প্রায় ৩৩ লাখ কল এসেছে।

আপনার মন্তব্য

আলোচিত