সিলেটটুডে ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২৬ ১৩:৫৬

‘কুৎসিত জুতা’ ক্রকস যেভাবে সিলেটসহ সর্বত্র জনপ্রিয়

ছবি: সংগৃহীত

একসময় ক্রকস ছিল ফ্যাশন–দুনিয়ায় প্রায় অচ্ছুত। ‘পৃথিবীর সবচেয়ে কুৎসিত জুতা’র তকমাও জুটেছিল। অথচ আজ সেই ক্রকসই হয়ে উঠেছে স্টাইল ও আরামের নিখুঁত সমন্বয়ের এক নাম। সহজ ডিজাইন, পরতে আরাম এবং বহুমুখী কার্যকারিতার কারণে এখন নানা বয়সের মানুষ পরছে এই জুতা।

নামকরনের গল্প

সিলেট সহ সর্বত্র বর্তমান প্রজন্মের বেশ জনপ্রিয় জুতা এই ‘ক্রকস’। জল ও স্থলে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে কুমির। ক্রোকোডাইল বা কুমির নামটির উৎস থেকেই ‘ক্রকস’ নামকরন বলে জানা যায়। কুমিরের মতো ক্রকসও বিভিন্ন পরিবেশে ব্যবহারযোগ্য। রাবার দিয়ে তৈরি বলে এটি হালকা, টেকসই এবং পানিতে নষ্ট হয় না।

দীর্ঘ সময় পরলেও পা ব্যথা করে না। পরিষ্কার করাও সহজ। মূলত চীন, মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকে আসা এই স্টাইলের জুতা এখন আমাদের দেশেও বেশ জনপ্রিয়। সিলেটেও তরুনদের কাছে এটি বেশ জনপ্রিয় জুতা ।

সিলেটে এই জুতার দাম ও প্রাপ্তস্থান

অনলাইন বা অফলাইন—যেকোনো বাজারেই এই জুতা এখন সহজলভ্য। বন্দরের হাসান মার্কেট, সিটি সুপার মার্কেট, মধুবন মার্কেট , জিন্দাবাজারের সিটি সেন্টার, লতিফ সেন্টার সহ সিলেটের প্রায় বিপনি-বিতানেই এ জুতা পাওয়া যায়। পছন্দসই রংয়ের সাথে পেয়ে যাবেন বিভিন্ন মাপের ও স্টাইলের এই ক্রকস জুতা। এসব দোকান থেকে কিনলে দাম পড়বে ৫০০ থেকে ১ হাজার ৫৫০ টাকা মধ্যে।

এ ছাড়াও চীন থেকে আনা বিভিন্ন ক্রকস পাবেন মিনিসোয়, দাম ২ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু। ৪০০-৫০০ টাকার মধ্যে ক্রকস পাওয়া যায় রাস্তার পাশের দোকান বা ভ্যানগুলোয়।এ ছাড়া শিশুদের জন্যও কিনতে পারবেন রাবারের আরামদায়ক এই জুতা। দাম পড়বে ২৫০ থেকে ৩০০ টাকা। অনলাইনে ফোম, গ্রেসিয়া, ভাইব ওয়্যার বিডি ইত্যাদি অনলাইন শপেও পেয়ে যাবেন নানা রঙের ক্রকস। যেখানে দাম সাধারণত ১ হাজার থেকে ১ হাজার ৫৫০ টাকার মধ্যে। ক্রকস জুতা শুধু দেখতেই অন্য রকম নয়, এর আছে এক বিশেষ বৈশিষ্ট্যও। এই জুতাকে আলাদা করে চেনা যায় এর ‘চার্মস’ দিয়ে, যা পরিচিত ‘জিবিটজ’ নামে।

যেভাবে জনপ্রিয়

ক্রকস ব্র্যান্ড নিজেই নানা ধরনের জিবিটজ তৈরি করে। জিবিটজে থাকে কার্টুন, বর্ণ, ফুল, খাবার কিংবা মিনিমাল আইকনের বিভিন্ন নকশা। তবে আরও বিভিন্ন নকশার চার্মস কিনতে পাওয়া যায়। ব্যবহারকারী চাইলে নিজের পছন্দ, মুড বা পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা সাজিয়ে নিতে পারেন চার্মস দিয়ে। নিজের জুতা নিজের সাজানোর এই সুযোগই ক্রকসকে তরুণ প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। বর্তমানে ক্রকসের সঙ্গে মোজা পরেও স্টাইল করার ট্রেন্ড দেখা যাচ্ছে, যা আধুনিক স্ট্রিট ফ্যাশনের অংশ হয়ে উঠেছে।

বিভিন্ন অনলাইন পেজে পাবেন ক্রকসের জিবিটজ, যা কোথাও বিক্রি হয় সেটে, কোথাও আবার সিঙ্গেল পিস হিসেবে। ১০টি চার্মের সেট পাওয়া যায় ৩৫০ টাকায়, আবার একটি করে জিবিটজ কিনতে গুনতে হবে ৩৫ থেকে ৬০ টাকা।

ক্রকসের সবচেয়ে বড় সুবিধা হলো এটি আরামদায়ক। হালকা, টেকসই এবং সহজে পরা ও খোলার সুবিধার কারণে এটি বিশেষ করে ভ্রমণের সময় খুবই জনপ্রিয়। কাদা, পানি, ধুলা কিংবা দীর্ঘসময় হাঁটা—সব পরিস্থিতিতেই এই জুতা বেশ উপযোগী। দামও সব শ্রেণির হাতের নাগালে বলে সবাই পায়ে লাগাতে পারে। তাই অল্প সময়েই ‘পৃথিবীর সবচেয়ে কুৎসিত জুতা’র তালিকা থেকে নাম সরিয়ে অন্যতম জনপ্রিয় জুতা হিসেবে নাম লিখিয়েছে এই ক্রকস।

আপনার মন্তব্য

আলোচিত