সিলেটটুডে ডেস্ক

২৮ অক্টোবর, ২০১৫ ০২:৪৭

দুই বিদেশি হত্যার তদন্তে সন্তুষ্ট ইইউ

দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতিতে তাদের সন্তুষ্টির কথা জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা-সংক্রান্ত একটি সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন বলেছেন, দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতিতে সন্তুষ্ট ইইউ।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিদেশি নাগরিক হত্যার তদন্তে প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে। তদন্তে দারুণ অগ্রগতি হয়েছে। ইইউ তদন্তের অগ্রগতিতে দারুণ সন্তুষ্ট।

তিনি বলেন, তাদের প্রত্যাশা ছিল, সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে দুটি হত্যাকাণ্ডের তদন্ত করবে এবং সরকার সেটি করে দেখিয়েছে। এর ফলে তারা যথেষ্ট নিরাপদ মনে করছেন এবং এখন ইইউভুক্ত অন্যান্য দেশের রাষ্ট্রদূততদের নিয়ে ঢাকার বাইরে তাদের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলো পরিদর্শনেও যেতে পারেন।

এদিকে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন গত সোমবার সন্ধ্যায় টোকিওতে বাংলাদেশ-জাপান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের একটি নৈশভোজের শুরুতে জাপানি নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশে জাপানি নাগরিকসহ বিদেশি নাগরিকরা সম্পূর্ণ নিরাপদ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ-জাপান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের ওই নৈশভোজে টয়োটা, তোশিবাসহ জাপানের ২০টি শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

আপনার মন্তব্য

আলোচিত