১৯ মে, ২০২১ ১১:১৩
মির্জাপুরের পাকুল্যা এলাকায় বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
বুধবার (১৯ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরের সাংনুরপুর গ্রামের গনি মিয়ার ছেলে মাইক্রোবাস চালক হাসান মিয়া (২৮), জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পিআরই গ্রামের ইমদাদুল হকের ছেলে গোলাম মওলা শামীম (২৮) ও ব্রাহ্মণবাড়িয়ার তুলাবাড়ি গ্রামের সালাম মিয়ার ছেলে ইমন মিয়া (২৫)। নিহত গোলাম মওলার স্ত্রী মীম আক্তার (২৫) কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারালে এটি ওই কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত অবস্থায় মীমকে নেয়া হয় কুমুদিনী হাসপাতালে।
ওসি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মন্তব্য