১৯ মে, ২০২১ ১৯:২১
রাজধানীর গুলশানে মন্টানা লাউঞ্জ নামের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে সিসা সেবনের সরঞ্জামসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।
এ লাউঞ্জের অন্যতম মালিক অভিনেতা দম্পতি মৌসুমী ও ওমর সানীর ছেলে ফারদিন এহসান স্বাধীন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘আমরা গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে আরএম সেন্টার ভবনের মন্টানা লাউঞ্জ নামে একটি সিসা বার পেয়েছি। সেখান থেকে নিষিদ্ধ সিসা ও খাওয়ার সরঞ্জাম উদ্ধার হয়েছে।’
সিসা বার থেকে ১১ জনকে আটক করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে যাদের পাওয়া গেছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছি।’
সিসা বারটি কারা কীভাবে পরিচালনা করছে, তা খতিয়ে দেখা হবে বলেও জানান আবুল হাসান।
মন্টানা লাউঞ্জের অন্যতম মালিক ফারদিনের পক্ষে তার বাবা ওমর সানি বলেন, ‘আমাদের মূলত খাবারের ব্যবসা। সিসাটা রাখি সপ্লিমেন্ট হিসেবে। আমার জানা মতে, সিসা মাদকের মধ্যে পড়ে না।’
তিনি আরও বলেন, ‘গুলশানে ৩০ থেকে ৪০টি নামকরা সিসা বার আছে। সেগুলোতেও অভিযান চালানো উচিত। শুধু আমারটাতে কেন?’
মন্টানা লাউঞ্জ থেকে আটক হওয়া ১১ জনের মধ্যে ৬ জনই শেফ। রেস্তোরাঁটি এখন বন্ধ রাখতে হচ্ছে বলে জানান সানি।
তিনি জানান, করোনাভাইরাস মহামারির মধ্যে এটি একটি বড় সমস্যা।
দেশে সিসা বারের ব্যবসার জন্য অনুমতির কোনো প্রক্রিয়া এখনও চালু নেই।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, ‘দেশের আইন অনুযায়ী দশমিক দুইয়ের উপরে নিকোটিন থাকলেই তা মাদকের মধ্যে পড়বে। এখন অনেক সিসা থাকতে পারে যার মধ্যে নিকোটিনের পরিমাণ দশমিক দুইয়ের নিচে। সেগুলো অবশ্যই মাদক নয়।’
আপনার মন্তব্য