সিলেটটুডে ডেস্ক

১২ জুলাই, ২০২১ ১৫:১৫

ঈদে ৮ দিনের জন্য শিথিল হচ্ছে লকডাউন

করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের মধ্যেও কোরবানি ঈদ ও পশুর হাট বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার থেকে ৮ দিনের জন্য লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ঈদের পর ফের ১৪ দিনের জন্য লকডাউন দেয়া হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে একল তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে এ সময়ে শর্তসাপেক্ষে গণপরিহন চলাচল করবে। ১৫ জুলাই ভোর ৬টা থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত লকডাউন শিথিলের আদেশ কার্যকর থাকবে। ঈদের পর আবারও দুই সপ্তাহের লকডাউনে যাবে দেশ।

সূত্রটি জানায়, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ বিষয়ক নথি অনুমোদন হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে। ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি মিললেই যেকোনো সময় জারি হবে প্রজ্ঞাপন।

এদিকে ঈদ উপলক্ষে শিথিল লকডাউনের ৮ দিন স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সব গণপরিবহন। খুলে দেয়া হবে দোকানপাট, শপিং মল। এ সময়ে সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বেসরকারি অফিস  বন্ধ থাকবে বলে সূত্রটি জানায়।

এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বলছেন, ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোজার ঈদে মানুষজন যেভাবে বাড়ি গিয়েছেন, সে বিষয়গুলোকে এবার চিন্তায় রেখেছেন সরকারের নীতি নির্ধারকরা। তাই গণপরিবহন খুলে দেয়াকে অপেক্ষাকৃত ভালো সিদ্ধান্ত হিসেবে দেখছেন তারা।

আপনার মন্তব্য

আলোচিত