সিলেটটুডে ডেস্ক

২২ আগস্ট, ২০২১ ১৩:৪৪

দ্রুততম সময়ে টিকা নিশ্চিতে বুথ বাড়ানোর পরামর্শ

করোনার টিকার জন্য নিবন্ধন করে এক কোটির বেশি মানুষ অপেক্ষায় রয়েছেন। এসব মানুষদের দ্রুততম সময়ে টিকা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে বুথ বাড়ানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (২২ আগস্ট) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানান।

তিনি বলেন, টিকাদান কেন্দ্রগুলোতে ভিড় কমাতে বুথ বাড়ানো এবং প্রয়োজনে সাব সেন্টার করার নির্দেশনা দেয়া হয়েছে।

সেব্রিনা ফ্লোরা বলেন, ‘টিকার জন্য নিবন্ধন করে অনেকেই এখনও টিকা নিতে অপেক্ষমাণ রয়েছেন। তাদের দ্রুত সময়ে টিকা নিশ্চিতে বুথসংখ্যা বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে টিকা কেন্দ্রগুলোতে। টিকা পেতে সবাইকেই কম-বেশি অপেক্ষা করতে হবে। আশা করি দ্রুত সময়ের মধ্যে অবস্থার পরিবর্তন হবে।’

তিনি আরও বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে আমাদের প্রস্তুতির জায়গা থেকে এখনই সরে যাচ্ছি না। কারণ এখনও শনাক্তের হার ১৬ শতাংশের বেশি। কোভিড, নন-কোভিড সবাইকেই সমান গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’

আপনার মন্তব্য

আলোচিত