সিলেটটুডে ডেস্ক

২৩ আগস্ট, ২০২১ ১৫:২৩

টিকার দুই ডোজের ব্যবধান কমানোর উপায় খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

করোনাভাইরাসের টিকার দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান কমিয়ে আনার উপায় খুঁজতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৩ আগস্ট) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৈঠকের পর সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন দ্বিতীয় ডোজের সময়টা একটু কমিয়ে আনা যায় কি না তা দেখতে। দুই ডোজের মধ্যে ব্যবধান ১৫ বা ২০ দিন করা যায় কি না সেটা দেখতে বলেছেন।

এ পর্যন্ত প্রায় দুই কোটি ২৪ লাখ করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে।  এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৬১ হাজার ৪১২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৫ লাখ ৭৫ হাজার ৪৭৩ জন। যাদের মধ্যে প্রথম ডোজ টিকাগ্রহীতা পুরুষ ৯৬ লাখ ৬৬ হাজার ৪৪২ আর নারী ৬৯ লাখ ৯৪ হাজার ৯৭০ জন। দ্বিতীয় ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৪০ লাখ ৬৮ হাজার ১১৪ আর নারী ২৫ লাখ ৭ হাজার ৩৫৯ জন।

এদিকে টিকার স্বল্পতায় গণটিকাদান কর্মসূচি থেকে সরে এসেছে সরকার। আজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আপাতত গণটিকা কার্যক্রম নয়।  নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে হবে।

তিনি বলেন, অবশ্যই নিবন্ধন ছাড়া টিকা দেওয়া হবে না। সাড়ে তিন কোটি নিবন্ধন হয়েছে, এর মধ্যে ২ কোটির বেশি টিকা নিয়েছে। টিকা যতটুকু আছে সেই পরিমাণভাবে যেন নিবন্ধন হয়, যে পরিমাণ টিকা থাকবে সেই পরিমাণ নিবন্ধন হবে।

আপনার মন্তব্য

আলোচিত