সিলেটটুডে ডেস্ক

২৫ আগস্ট, ২০২১ ১৪:৪২

জাপানি দুই শিশুকে হোটেলে রাখার আবেদন

জাপানি দুই শিশুকে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে হোটেলে রাখতে হাই কোর্টে ফের আবেদন করেছেন তাদের বাবা ইমরান শরীফ।

বুধবার (২৫ আগস্ট) সকালে, বিচারপতি এম ইনায়েতুর রহিমের বেঞ্চে এ আবেদন করেন তার আইনজীবী।

আবেদনে বলা হয়, জাপানি শিশু দুটি ভিক্টিম সাপোর্ট সেন্টারে অস্বস্তিকর পরিবেশে আছে। এজন্য তাদের হোটেলে এনে রাখা দরকার। নইলে, মানসিকভাবে অসুস্থ হওয়ার ঝুঁকি রয়েছে।

বুধবার বিকেল ৩টায় এ বিষয়ে শুনানির সময় ঠিক করেছেন হাই কোর্ট।

তবে রাষ্ট্রপক্ষ বলেছে, ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিবেশ অত্যন্ত মনোরম।

এর আগে গত ২৩ আগস্ট জাপানি দুই শিশুকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। এই সময়ের মধ্যে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাপানি মা এবং বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশি বাবা শিশুদের সঙ্গে সময় কাটাতে পারবেন।

৩১ আগস্ট শিশুদেরকে হাই কোর্টে হাজির করতে হবে। ওইদিন আদালত পরবর্তী আদেশ দেবেন। তবে আদালত উভয়পক্ষের আইনজীবীদের ৩১ আগস্টের মধ্যে বিষয়টি সমাধান করতে ভূমিকা রাখতে বলেছেন।

আপনার মন্তব্য

আলোচিত