স্পোর্টস ডেস্ক

২৫ আগস্ট, ২০২১ ২৩:০৫

সেঞ্চুরি-খরায় ফিফটি কোহলির

ভিরাট কোহলি। ভারতের রানমেশিন। একের পর এক রেকর্ড করেই চলছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু নিকট অতীত বলছে অন্য কথা। ব্যর্থতার বৃত্তে বন্দি যেন ভারত অধিনায়ক।

সেই ২০১৯ সালে ইডেন গার্ডেনসে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন কোহলি। এরপর থেকেই সেঞ্চুরির দেখা পাচ্ছেন না তিনি। পরিসংখ্যান বলছে, টানা ৫০ ইনিংসে কোনো সেঞ্চুরি নেই এই রানমেশিনের।

বুধবার লিডসে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭ রানে আউট হয়েছেন কোহলি। তাতেই তার সেঞ্চুরি খরা স্পর্শ করেছে ফিফটি! এই ইনিংসে ভারতের সবাই মিলে গড়েছে মাত্র ৭৮ রানের স্কোর।

এই ৫০ ইনিংসে কোহলি ফিফটি করেছেন ১৭টি। এই সময়ে রান করেছেন ৪০.২৭ গড়ে। শূন্য রানে ফিরছেন ৫ বার।

এরআগে ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত টানা ২৫ ইনিংসে তার ব্যাট থেকে শতরান আসেনি। এই সময়কালের মধ্যেই ছিল ইংল্যান্ড সফর, যা কোহলিদের ক্রিকেটজীবনের অন্যতম খারাপ সময়।

২০১৪ সালের সেই সিরিজের মতো এবারো কোহলি বারবার আউট হচ্ছেন জেমস অ্যান্ডারসনের বলে। চতুর্থ স্টাম্পে খোঁচা দেওয়ার প্রবণতা ফিরে এসেছে কোহলির। চলতি সিরিজে মাত্র একটি ম্যাচে অর্ধশতরান করেছেন কোহলি।

আপনার মন্তব্য

আলোচিত