২৬ আগস্ট, ২০২১ ০১:১৫
মাকদুসুল আলম খন্দকার খোরশেদ
করোনাকালীন নানা জনহিতকর কাজের জন্য দেশব্যাপী পরিচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকদুসুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগে আদালতে মামলার আবেদন করেছেন এক নারী।
এরআগে ওই নারী নিজেকে খোরশেদের স্ত্রী দাবি করে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা করেছিলেন। ওই মামলায় খোরশেদ কয়েক দিন আগে উচ্চ আদালত থেকে জামিন পান। এর পরই বুধবার ওই নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলার আবেদন করলেন। এরআগেও তিনটি বিয়ে করেছেন ধর্ষণ মামলার বাদী এ নারী। কাউন্সিলর খোরশেদকেও তিনি স্বামী দাবি করেন। তবে এর সপক্ষে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
কাউন্সিলর খোরশেদ দাবি করেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছেন। এগুলো তারই বহিঃপ্রকাশ। তিনি আইনিভাবেই মামলা মোকাবিলা করার কথা জানান।
বুধবার নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে মামলার আবেদন করেন। শুনানি শেষে বিচারক তদন্ত করে প্রতিবেদন দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
স্ত্রী দাবি করে মামলা করা এ নারী বলেন, ‘তিনি খোরশেদের বিবাহিত স্ত্রী। গত বছরের আগস্টে খোরশেদ নিজেই কাজী নিয়ে গিয়ে পাঁচ লাখ টাকা দেনমোহরে তাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। তবে বিয়ের বিষয়টি জানাজানি হলে খোরশেদ তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।’
আপনার মন্তব্য